Ridge Bangla

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার দেশটিতে ঈদ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে অনুযায়ী দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (১৮ মার্চ) রাতে সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়। চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার রমজানের শেষ দিন পালন করা হবে এবং শুক্রবার সারাদেশে ঈদুল ফিতরের নামাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই দিনে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

প্রতি বছরই শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের দিন নির্ধারিত হয়। সৌদি আরব সরাসরি চাঁদ দেখার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, যা বিশ্বের অনেক দেশের জন্যও অনুসরণীয় হয়ে থাকে।

অন্যদিকে তুরস্ক ও সিঙ্গাপুর ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি ইসলামি মাস নির্ধারণে সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ওপর নির্ভর করে থাকে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপিত হয়। তবে দেশের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের ওপর। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

This post was viewed: 6

আরো পড়ুন