দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় চলমান সরকারি ছুটির মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু শিলাবৃষ্টি হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলে ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিতে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনীয় যেসব সহযোগিতা প্রয়োজন, তা বিস্তারিতভাবে নির্ধারণ করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
এছাড়া জেলা প্রশাসকদের স্থানীয় তহবিল ব্যবহার করে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।