রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা–২০২৫’-এর গেজেট প্রকাশ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে বিধিমালাটি জারি করা হয়।
গেজেটে বলা হয়েছে, নতুন এই বিধিমালার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত, আধুনিক ও সুস্পষ্ট আইনগত কাঠামোর আওতায় আনা হয়েছে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও ভিভিআইপিদের চলাচল, বাসভবন, কার্যালয়, অনুষ্ঠানস্থল ও সফরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার দায়িত্ব ও করণীয় নির্ধারণ করা হয়েছে।
বিধিমালা অনুযায়ী, রাষ্ট্রপতি ও ভিভিআইপিদের কার্যালয় এবং স্থায়ী ও অস্থায়ী বাসভবনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব মহাপরিচালকের ওপর ন্যস্ত থাকবে। অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা ও তদারকির কথাও উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা বেষ্টনীতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন, দর্শনার্থী ও যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানস্থলে অস্ত্র বহনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাহিনীর কর্মকর্তা ছাড়া সাদা পোশাকে কেউ অস্ত্র বহন করতে পারবেন না। তবে সরকার অনুমোদিত বিদেশি ভিভিআইপিদের নিরাপত্তাকর্মীরা নির্দিষ্ট স্থানে অস্ত্র বহন করতে পারবেন।