বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার ও গণতন্ত্রের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ, এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ, নির্বাচন কমিশনের ভূমিকা, পর্যবেক্ষকদের উপস্থিতি এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। এছাড়া ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ সংলাপের গুরুত্বের ওপর জোর দেন।
বিএনপি নেতারা বৈঠকে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোর কাছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।