Ridge Bangla

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোন্থা’, সমুদ্রবন্দরগুলোতে হুঁশিয়ারি সংকেত জারি

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তি সঞ্চয় করে ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকার ধারণ করেছে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর-৯-এ এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোন্থা আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,১৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা অথবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং দমকা/ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্র উত্তাল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ও অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

This post was viewed: 43

আরো পড়ুন