Ridge Bangla

প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

মালদ্বীপে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ মার্চ) পাঠানো শোকবার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু দুঃখ প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ সরকার ও জনগণ বাংলাদেশের সরকার এবং বিশেষ করে নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, মালদ্বীপের জনগণ ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং অগ্নিকাণ্ডে আহত হয়ে চিকিৎসাধীনদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছে।

বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বলেন, তারা মালদ্বীপের সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই দুর্ঘটনায় সৃষ্ট শোক ও ক্ষতির সমান অংশীদার মালদ্বীপ। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন বাংলাদেশি দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজন মারা যান এবং বাকি দুজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

This post was viewed: 5

আরো পড়ুন