Ridge Bangla

ট্রাম্পের পরিকল্পনায় গাজার শান্তি রক্ষায় সৈন্য পাঠাতে অনাগ্রহী হবে দেশগুলো: বিবিসিকে জর্ডানের বাদশাহ

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী দেশগুলোকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের কথা বলা হলে দেশগুলো তা প্রত্যাখ্যান করবে।

সোমবার (২৭ অক্টোবর) বিবিসি নিউজে প্রকাশিত ওই সাক্ষাৎকারে জর্ডানের বাদশার মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিন সংকট নিয়ে তার দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। তিনি বলেন, যদি ম্যান্ডেট হয় শান্তিরক্ষা তাহলে সবাই সাহায্য করতে আগ্রহী। কিন্তু এর অর্থ যদি হয় শান্তি প্রয়োগ তাহলে কোন দেশ এতে অংশ নিতে চাইবে না।

গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় বলা হয়েছে আরব অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সেনা ও প্রশিক্ষকের মাধ্যমে গাজায় স্থিতিশীলতা ফেরানো হবে। সেই পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র হয়ে গাজায় রাজনৈতিক নিয়ন্ত্রণ ত্যাগ করতে বলা হয়েছে।

বাদশা আব্দুল্লাহ বলেন, জর্ডান ও মিশর গাজায় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত, তবে এতে সময় লাগবে। কিন্তু আমাদের যদি অস্ত্র নিয়ে টহল দিতে হয় তাহলে কোন দেশই এতে অংশ নিতে চাইবে না। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হওয়ায় জর্ডান ফিলিস্তিনে কোন বাহিনী পাঠাবে না। উল্লেখ্য, জর্ডানের অর্ধেকের বেশি জনগোষ্ঠী ফিলিস্তিনি বংশোদ্ভূত। দেশটিতে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি শরণার্থী হিসেবে বসবাস করছে।

হামাসের রাজনৈতিক ভূমিকা ত্যাগের প্রতিশ্রুতির বিষয়ে বাদশাহ বলেন, “আমি তাদের চিনি না, তবে কাতার ও মিশর যারা তাদের কাছাকাছি আছে, তারা আশাবাদী যে হামাস প্রতিশ্রুতি রাখবে।” তিনি আরও বলেন, “যদি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ সম্পর্কের সমাধান না করা যায়, তবে আমরা সবাই এক অনন্ত সংকটে পতিত হব।”

This post was viewed: 48

আরো পড়ুন