বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ না থাকার সুযোগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাটের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরেরা তা এড়িয়ে কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, রাতে প্রবল বৃষ্টি ও হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে চারপাশ অন্ধকার হয়ে গেলে দুর্বৃত্তরা বাড়ির সীমানায় ঢুকে পড়ে এবং মূল সংযোগ থেকে মিটার পর্যন্ত থাকা তামার তার কেটে নিয়ে যায়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার স্থানীয় কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হতে পারে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানিয়েছেন, চুরি হওয়া তারের পরিমাণ প্রায় দুই কয়েল, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।