জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) হলের নিজ কক্ষেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা।
মৃত অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
হল সূত্রে জানা যায়, তিনি হলের ৪১৩ নম্বর কক্ষে বসবাস করতেন। ঈদের ছুটিতে ক্যাম্পাস ফাঁকা হয়ে গেলেও রতন একাই কক্ষে অবস্থান করছিলেন। আজ কক্ষটির সামনে দিয়ে যাওয়ার সময় কতিপয় শিক্ষার্থী তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন।
পরে হল প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে পুলিশের সহায়তায় মরদেহটি নামানো হয়।
ঘটনার পর প্রশাসন ও সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ শুরু করেছে। আশুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।