Ridge Bangla

জট কমাতে চট্টগ্রাম বন্দরের ১০২ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

চট্টগ্রাম বন্দরের পণ্যজট নিরসন এবং কার্যক্রম আরও গতিশীল করতে ১০২ কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২ জুন) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমসের আওতায় ই-অকশন-৬/২০২৬-এর মাধ্যমে ৪৪টি লটে থাকা ১০২ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। নিলামে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইম স্টোন, ফেব্রিকস, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ নানা পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে আগ্রহী বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের পাশাপাশি অনলাইনে দরপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ঘরে বসেই দরপত্র দাখিল করতে পারবেন। তবে অনলাইন আবেদনের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

সর্বোচ্চ দরদাতারা আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাস নিতে পারবেন।

আগামী ১৮ জুন ২০২৬ সকাল ১১টায় ই-অকশন-৬/২০২৬-এর দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে।

This post was viewed: 5

আরো পড়ুন