Ridge Bangla

চাঁদপুর লঞ্চঘাটে ঈদযাত্রায় চরম ভোগান্তি, অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা

ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় চার বছর আগে আধুনিক লঞ্চঘাট নির্মাণ শুরু হলেও এখনো কাজ শেষ না হওয়ায় অস্থায়ী ব্যবস্থায় চলছে যাত্রী পারাপার। এতে বিশৃঙ্খলা ও ভোগান্তি বেড়েছে বহুগুণ।

সরেজমিনে দেখা গেছে, লঞ্চ থেকে নামার পর যাত্রীদের সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে অত্যন্ত উঁচু পন্টুনে। ঘাটে নেই পর্যাপ্ত বিশ্রামাগার, নেই পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা। ফলে নারী ও শিশু যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। অন্যদিকে ঘাট এলাকায় সিএনজি অটোরিকশা ও অটোচালকদের দৌরাত্ম্যও পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যাত্রীদের মালপত্র নিয়ে টানাটানির ঘটনায় প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

ঢাকা থেকে আসা যাত্রী মজনু বলেন, “বিশ্রামাগার না থাকায় খোলা আকাশের নিচে বসে থাকতে হচ্ছে। শিশুদের নিয়ে চরম কষ্ট হচ্ছে।”

আরেক যাত্রী আব্দুর রউফ অভিযোগ করেন, লঞ্চ থেকে নামার পরই কুলিদের দৌরাত্ম্য ও অটোচালকদের চাপের মুখে পড়তে হয় যাত্রীদের।

চাঁদপুর নৌ থানা জানিয়েছে, ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। নৌ বন্দরের কর্মকর্তারা জানান, নির্মাণকাজ চলমান থাকায় সাময়িকভাবে অস্থায়ী ঘাট ব্যবহৃত হচ্ছে।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদারকি চলছে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

This post was viewed: 4

আরো পড়ুন