পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এ সড়কে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়।
গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ার পর কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়। একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কেও যানবাহনের চাপ বেড়ে যায়। সরেজমিনে দেখা যায়, জিরানি, কবিরপুর, বাড়ইপাড়া ও জুম্মাঘরসহ বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানবাহনের সারি। স্বাভাবিক সময়ে ১০ মিনিটের পথ পার হতে সময় লাগছে এক থেকে দুই ঘণ্টা। যাত্রীদের অভিযোগ, চন্দ্রা মোড় পার হতেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে দুই লেনের একটি বন্ধ থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, সড়কের নকশাগত ত্রুটির কারণে বিভিন্ন দিক থেকে আসা যানবাহন এক লেনে মিলিত হওয়ায় জট বাড়ছে। সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। চন্দ্রা এলাকায় কিছুটা যানজট থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।