Ridge Bangla

ইউজিসি’র চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের যোগদান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তিনি বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

ইউজিসি’র বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নবনিযুক্ত চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী প্রফেসর ড. মামুন আহমেদকে আগামী চার (০৪) বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গত ১৬ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। তার যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপত্রের শর্তানুযায়ী তিনি প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই কৃতী অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমান পদে যোগদানের পূর্বে দেড় বছরেরও বেশি সময় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

This post was viewed: 4

আরো পড়ুন