পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় আজ (বৃহস্পতিবার) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত কমিটিকে জানানোর আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ জন্য নির্ধারিত কয়েকটি ফোন নম্বরেও যোগাযোগ করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও চাঁদ দেখার তথ্য পৌঁছানোর অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষেই দেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হবে। যদি বৃহস্পতিবার দেশের আকাশে চাঁদ দেখা যায়, তবে শুক্রবার ঈদ উদযাপিত হবে। অন্যথায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে পরদিন শনিবার ঈদ উদযাপিত হবে।