Skip to main content

Ridge Bangla

জামায়াতের ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে দলটি দেশের শাসনব্যবস্থা, অর্থনীতি, সামাজিক সেবা, শিক্ষা, পরিবেশ ও শ্রমিকদের অধিকারসহ ২৬টি মূল প্রতিশ্রুতি তুলে ধরেছে।

ইশতেহারের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’ গঠন। এর মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার ওপর প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। দলটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। যুবকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে। নারী জনগোষ্ঠীর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক অবস্থান তৈরির প্রতিশ্রুতিও রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রাখা হয়েছে। প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠনের ওপর জোর দেওয়া হয়েছে। কৃষি, শিল্প, প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি চাকরিতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থনীতি ও বিনিয়োগকে শক্তিশালী ও টেকসই করা এবং দেশের আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনার কথাও উল্লেখ করা হয়েছে।

সমানুপাতিক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করার প্রতিশ্রুতিও ইশতেহারে রয়েছে। জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।

শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা, প্রবাসীদের ভোটাধিকার ও অন্যান্য অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক ও রেলপথ উন্নয়ন, রাজধানীর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সুলভ আবাসন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

ইশতেহারে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধের ওপরও জোর দেওয়া হয়েছে। দলটি আশা প্রকাশ করেছে, ঘোষিত ২৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি, সামাজিক সেবা, গণতন্ত্র ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

This post was viewed: 47

আরো পড়ুন