বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তবে এই কৌতূহল যখন মাত্রা ছাড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তায় আঘাত হানে, তখন তা হয়ে দাঁড়ায় বিড়ম্বনার কারণ। সম্প্রতি এমনই এক ঘটনার মুখোমুখি হলেন লঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। দিল্লিতে একটি রেস্তরাঁয় সময় কাটানোর মুহূর্ত তাঁর অনুমতি ছাড়াই গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
দিল্লির একটি অভিজাত রেস্তরাঁয় জনৈক ব্যক্তির সঙ্গে বসে কথা বলছিলেন জ্যাকুলিন। ঠিক সেই মুহূর্তটি দূর থেকে ক্যামেরাবন্দি করেন ঋষভ শেঠিয়া নামের এক ব্যক্তি। পরবর্তীতে ভিডিওটি ইন্টারনেটে শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, আপনারা কী মনে করেন? আমার তো মনে হচ্ছে তিনি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয় অভিনেত্রীর জনপ্রিয় একটি গান। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
বিষয়টি জ্যাকুলিনের নজরে আসতে খুব বেশি সময় লাগেনি। তবে তিনি ব্যাপারটি নিয়ে ক্ষোভ প্রকাশ না করে বরং বেশ বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিক্রিয়া জানান। ভিডিওর নিচে মন্তব্য ঘরে হাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, হ্যাঁ, এটি আমিই ছিলাম। তাঁর এই সহজ স্বীকারোক্তি ভক্তদের প্রশংসা কুড়ালেও নেটিজেনদের বড় একটি অংশ বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন।