Ridge Bangla

নায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন, মেলেনি সুনির্দিষ্ট তথ্য

২৩ ডিসেম্বর, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর- বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ মৃত্যুবরণ করেছেন। তবে এই খবরটি শুধুই গুজব বলে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এই খবরের সত্যতা সম্পর্কে জানেন না।

রিয়াজের এক ঘনিষ্ঠ ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, গণমাধ্যমকে জানান, “এমনটা হওয়ার কথা না। আপনার কাছেই প্রথম শুনলাম। এমন কিছু হয়ে থাকলে এতক্ষণে তোলপাড় হয়ে যেত।”

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই রিয়াজ আহমেদ আত্মগোপনে চলে যান। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে চলচ্চিত্র শিল্পী সমিতির কারও কাছেই সঠিক তথ্য নেই। গুঞ্জন রয়েছে, তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যমতে, তিনি দেশের কোথাও লুকিয়ে আছেন। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ভূমিকা রাখতেন রিয়াজ। তাঁকে বেশ কয়েকবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেও দেখা গেছে।

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে টানা দুই দশক রিয়াজ ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের শীর্ষ জনপ্রিয় নায়ক। ‘বাংলার নায়ক’ শিরোনামের চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জগতে অভিষেক হয়। এরপর তিনি একের পর এক অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে গণমানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেন।

রিয়াজ অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর। এরপর থেকে তাঁকে আর কোনো নতুন চলচ্চিত্র বা পেশাগত কাজে দেখা যায়নি। তাঁর অনুপস্থিতি ও গুজব তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

This post was viewed: 34

আরো পড়ুন