বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি। যেখানে কৃতী শিক্ষার্থী, মেধাবী খেলোয়াড় ও তরুণ প্রজন্ম দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর পল্লবীর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “শিক্ষিত জাতি হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন সৎ ও দায়িত্বশীল মানুষই সমাজ, পরিবার ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।” তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যা তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টির সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
বিএনপি নেতাটি জানান, দলটি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। পাশাপাশি তরুণদের উদ্ভাবন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ আজকের শিক্ষার্থীদের হাতে। তাদের মেধা ও সততা দিয়েই আমরা একটি ঐক্যবদ্ধ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।