দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দুপুর ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
This post was viewed: 10