পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (জুমাতুল বিদা) চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে লাখেরও বেশি মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লির ঢল নামে।
বেলা ১১টার মধ্যে বিশাল মসজিদের প্রথম ও দ্বিতীয় তলা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। মসজিদ ও মাঠে জায়গা না থাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের স্টেশন রোড থেকে হাজীগঞ্জের পূর্ব বাজারের বড় ব্রিজ পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার ছড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
মসজিদ কর্তৃপক্ষ দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য মসজিদের মাঠ, পাশের আহমাদিয়া আলিয়া মাদ্রাসা মাঠ ও ভবন, জামেয়া আহমাদিয়া কওমি মাদ্রাসা, হাজীগঞ্জ টাওয়ার, রজনীগন্ধা মার্কেট, হাজীগঞ্জ প্লাজা, বিজনেস পার্ক এবং প্রাইম ব্যাংক ভবনে নামাজ আদায়ের ব্যবস্থা করেছে। শিশু-কিশোর ও নারী মুসল্লিরাও উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ-সহ ফিলিস্তিন ও ইরানের মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজে ইমামতি, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মুফতি আব্দুর রউফ। মুসল্লিরা কোরআন তিলাওয়াত ও জিকির-দরুদ পাঠেও অংশ নেন।
মুসল্লি টিপু সুলতান জমিদার বলেন, “প্রতিবছর হাজীগঞ্জ বড় মসজিদে নামাজ আদায় করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, ব্যবস্থা ভালো।” মোতাওয়াল্লি শাকিল আহমেদ প্রিন্স জানান, “বিশাল জামাতের জন্য এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা কঠোর রাখা হয়েছে, মুসল্লিরা সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করেছেন।”