Ridge Bangla

হঠাৎ বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম, ক্ষোভ গ্রাহকদের

হঠাৎ করে বাড়ানো হয়েছে ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার পানি কিনতে এখন গুনতে হচ্ছে ১ টাকা (১০০ পয়সা), যা আগে ছিল ৮০ পয়সা। রোববার (১ মার্চ) থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১ আগস্ট এটিএম বুথের পানির দাম ৪০ পয়সা থেকে এক লাফে ৮০ পয়সা করা হয়েছিল। এবার আবারও ২০ পয়সা বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, ওয়াসা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান; বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে দাম বাড়ানো উচিত নয়। বরং বিশুদ্ধ পানি সবার নাগালে রাখতে সরকারের ভর্তুকি দেওয়া প্রয়োজন।

গত ২৬ ফেব্রুয়ারি ওয়াসা সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে মূল্যবৃদ্ধির বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় অপারেশন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার পানির মূল্য ০.৮০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) থেকে বাড়িয়ে ১ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা ওয়াসার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি কোনো একক সিদ্ধান্ত নয়; বোর্ড সভায় আলোচনা করেই মূল্য সমন্বয় করা হয়েছে। তিনি বলেন, কেমিক্যাল, ফিল্টার ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি এবং জনবলের ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন