মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৬ মার্চ ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি জানান, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ভোর ৫টায় প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ২৫ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় দলের কেন্দ্রীয় নেতারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য ও স্বাধীনতার চেতনা নিয়ে বক্তব্য রাখবেন।
এছাড়া ২৬ মার্চ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।