Ridge Bangla

স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি যাহের আলভী

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টায় পল্লবী থানায় মামলাটি রুজু করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। মামলায় প্রধান আসামি করা হয়েছে যাহের আলভী ও তার কথিত প্রেমিকা ও সহ-অভিনেত্রী তিথিকে। পাশাপাশি আলভীর পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে তার মাও রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

ইকরার মৃত্যুর পর থেকেই পারিবারিক কলহ, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ সামনে আসে। আলভীর পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ইকরার পরিবার ঢাকায় এসে আইনি পদক্ষেপ নেয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের আইনি প্রক্রিয়ার আওতায় আনার কার্যক্রম চলছে।

উল্লেখ্য, যাহের আলভী ও ইকরা ২০১০ সালের ৯ নভেম্বর গোপনে প্রেমের বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে। ১৫ বছরের এই সংসারের মর্মান্তিক পরিণতি ও পরবর্তী মামলা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

This post was viewed: 2

আরো পড়ুন