জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারীকে হত্যার পর ধানক্ষেতে লাশ মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বিলেরঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আশুরা বেগম (৪৫) ওই এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা।
ঘটনার পর থেকেই নিহতের স্বামী নিখোঁজ ছিলেন। শনিবার সকালে পুলিশ তাকে আটক করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
জানা গেছে, এটি আশুরা বেগমের তৃতীয় বিবাহ ছিল। বর্তমান স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। দাম্পত্য বিরোধের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
ক্ষেতলাল থানার ওসি মোখলেছুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।