বিশ্বজুড়ে আরোপিত উচ্চ শুল্কের বড় অংশ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করার পর নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সাম্প্রতিক বাণিজ্যচুক্তি নিয়ে কোনো দেশ ‘চালবাজি’ বা টালবাহানা করলে তাদের ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে।
সর্বোচ্চ আদালতের রায়ের পর বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির কার্যকারিতা পুনর্মূল্যায়ন শুরু করেছে। এ প্রেক্ষাপটে গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্রীষ্মে স্বাক্ষরিত একটি চুক্তির অনুমোদন স্থগিতের ঘোষণা দেয়। একইভাবে ভারতও একটি সাম্প্রতিক চুক্তি চূড়ান্ত করার নির্ধারিত আলোচনা পিছিয়ে দিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আদালতের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যেন পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে না আসে। তিনি বলেন, “যেসব দেশ সুপ্রিম কোর্টের হাস্যকর রায়কে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে ঠকাতে চায়, তাদের আরও চড়া শুল্কের মুখে পড়তে হবে। তারা সম্প্রতি যে শুল্কে রাজি হয়েছিল, পরিস্থিতি তার চেয়েও কঠিন হবে, ক্রেতা সাবধান!”
বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। মূলত ট্রাম্প বিশ্বব্যাপী আমেরিকার প্রভাব বাড়াতে এই পদক্ষেপ বাস্তবায়নের পথে হাঁটছেন।