Ridge Bangla

সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। সভায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মপরিকল্পনার অগ্রগতি আলোচনা করা হয়।

সারাদেশে সরকারি নার্সারি ছাড়াও বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করা হবে। খাসজমি, চরাঞ্চল, নদীর দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই পাশে, বনাঞ্চল এবং সরকারি প্রতিষ্ঠানের আঙিনাসহ যেখানে বৃক্ষ নেই, সেসব স্থানে রোপণ কার্যক্রম সম্পন্ন হবে।

প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপণ করবে এবং তা পরিচর্যার দায়িত্ব নেবে। বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 5

আরো পড়ুন