দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিপক্ষে সরাসরি অবস্থান নেওয়ার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির মোট ২৮ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন এবং জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন এবং আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বাবুল খাঁন, কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকাসহ ১৬ জন।
অন্যদিকে আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃত ১২ জন হলেন মোস্তফা হেলালুজ্জামান, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলী।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।