Ridge Bangla

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র মাহে রমজানের সমাপ্তি ঘটিয়ে এসেছে আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীর প্রতি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় প্রচারিত এক টেলিভিশন বার্তায় তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বার্তাটি সম্প্রচার করে।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র রমজান মাস। এই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বিশ্বজনীন ঐক্য, সংহতি ও আনন্দের বার্তা নিয়ে আসে। তাই এ আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার, প্রতিবেশী ও সমাজের অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই চেতনা সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বাংলাদেশের জনগণসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছেন।

This post was viewed: 3

আরো পড়ুন