যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ২০২৬ অর্থবছরের শুরুতেই দেশটির কেন্দ্রীয় সরকার যে হারে ঋণ নিচ্ছে, তাতে বড় ধরনের আর্থিক চাপের আভাস মিলছে।
মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেই যুক্তরাষ্ট্র সরকারের বাজেট ঘাটতি আরও প্রায় ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে গড়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০ বিলিয়ন ডলার (৫ হাজার কোটি ডলার) করে ঋণ নিয়েছে মার্কিন কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক বাজেট পর্যালোচনায় আরও দেখা গেছে, শুধু ফেব্রুয়ারি মাসেই মার্কিন সরকার প্রায় ৩০৮ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে।
অর্থনীতিবিদদের মতে, সরকারি ব্যয় বৃদ্ধি, সুদের খরচ এবং বিভিন্ন নীতিগত ব্যয়ের কারণে বাজেট ঘাটতি দ্রুত বাড়ছে।
বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘমেয়াদে ঋণের এই প্রবণতা অব্যাহত থাকলে তা যুক্তরাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে।