মধ্যপ্রাচ্যের দেশ কাতার সকল ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ প্রাথমিকভাবে এক মাস বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজন হলে পরিস্থিতির ওপর নির্ভর করে এ মেয়াদ আরও বাড়ানো হতে পারে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধির পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এজন্য ভিসাধারীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না কিংবা সংশ্লিষ্ট দপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
এ ছাড়া ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। ফলে বর্তমানে অবস্থানরত ভিসাধারীরা অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই নির্ধারিত সময় পর্যন্ত বৈধভাবে অবস্থান করতে পারবেন।