Ridge Bangla

সংসদে পাস হলো অন্তর্বর্তী সরকারের ১৪টি অধ্যাদেশ

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৪টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এসব বিল কণ্ঠভোটে অনুমোদন পায়। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদবিষয়ক, মুক্তিযুদ্ধবিষয়ক, অর্থ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিলগুলো পাস হয়। বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিস্তারিত আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীরা তা উত্থাপন করেন এবং সরাসরি কণ্ঠভোটে পাস করা হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করে এবং ১৫টি সংশোধনসহ পাসের প্রস্তাব দেয়। এছাড়া ২০টির মধ্যে চারটি বাতিল ও ১৬টি নতুনভাবে শক্তিশালী করে বিল আকারে আনার সুপারিশ করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন