পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের যাতায়াত সহজ করতে এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে চালু করা হয়েছে দুটি বিশেষ ট্রেন। বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে চালু হওয়া এই ট্রেন দুটি ‘শোলাকিয়া স্পেশাল’ নামে পরিচালিত হবে।
শনিবার (২১ মার্চ) ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব রুট থেকে পৃথকভাবে ট্রেন দুটি ছেড়ে মুসল্লিদের দ্রুত শোলাকিয়া ঈদগাহে পৌঁছে দেবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিশেষ ট্রেনটি ভোর পৌনে ৬টায় যাত্রা শুরু করে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় ট্রেনটি আবার কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে ফিরে যাবে। পথে শম্ভুগঞ্জ, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল রোডসহ একাধিক স্টেশনে সংক্ষিপ্ত বিরতি দেবে।
অন্যদিকে ভৈরব থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৬টায় যাত্রা শুরু করে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরবে ফিরে যাবে। এ ট্রেনটি পথে কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, মানিকখালি, গচিহাটা ও অন্যান্য স্টেশনে যাত্রাবিরতি করবে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতি বছর শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম ঘটে। তাই তাদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে এই বিশেষ ট্রেন সেবা চালু করে আসছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।