জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়টি তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর অংশ নেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তদের দেশে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে।
এ সময় দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। একই সঙ্গে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা ও সম্মানের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। এছাড়া, সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়।