Ridge Bangla

শিক্ষায় জিডিপির ৫% লক্ষ্যে, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

শিক্ষা খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করতে সরকার ৪৩টি ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে জাতির সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে বাড়ানো হবে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চলতি অর্থবছরে ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে সব উপজেলায় তা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল চালুর পরিকল্পনাও রয়েছে।

ডিজিটাল শিক্ষার প্রসারে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১ হাজার ৫০০ প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ‘এডু-আইডি’ চালুর পরিকল্পনা রয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন