Ridge Bangla

শাহজালাল বিমানবন্দরে ১৭ দিনে ৫২৮ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৮টি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ১৭ দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮টি।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ তথ্য নিশ্চিত করেন।

আজ সোমবার বাতিল হওয়া ২৮টি ফ্লাইটের মধ্যে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের ২টি, শারজাগামী এয়ার অ্যারাবিয়ার ৮টি, বাহরাইনগামী গালফ এয়ারের ২টি, কাতারগামী কাতার এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতগামী এমিরেটস এয়ারলাইনসের ২টি, কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের ৪টি, সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইদুবাইয়ের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায়। এর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। এসব দেশের আকাশপথ বন্ধ থাকায় ওই সময় থেকেই শাহজালাল বিমানবন্দর থেকে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

বেবিচক বলছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

This post was viewed: 4

আরো পড়ুন