পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অতীতে পরিবেশ খাতে যে অনিয়ম ও লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে। রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা এবং এটি রোধ করা সবার দায়িত্ব। ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে ঢাকার দূষণের মাত্রা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন অত্যন্ত জরুরি।
ইটভাটার দূষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাটি পোড়ানো ইট থেকে পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর এক-দুই বছরের মধ্যে সম্ভব নয়, তবে পরিবেশ রক্ষায় ধীরে ধীরে এ ব্যবস্থায় যেতে হবে। এটি ছিল মন্ত্রী হওয়ার পর তাঁর নিজ জেলা ও সংসদীয় এলাকায় প্রথম সরকারি সফর।