Ridge Bangla

রাশিয়ার ব্যাপক হামলার পর আবুধাবি আলোচনায় অবস্থান বদলাবে ইউক্রেন

শীতকালে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলার পর আবুধাবিতে নির্ধারিত ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ইউক্রেন তার আলোচনার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেনজুড়ে ৭১টি ক্ষেপণাস্ত্র ও ৪৫০টি ড্রোন হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আবুধাবিতে পাঠানো ইউক্রেনীয় প্রতিনিধি দলের দায়িত্ব ও অবস্থান পুনরায় ভেবে দেখা হবে।

জেলেনস্কি বলেন, বেসামরিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলা রাশিয়ার প্রকৃত উদ্দেশ্যই তুলে ধরেছে। দেশটির দাবি, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে এটি অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, “প্রতিটি রুশ হামলাই প্রমাণ করে মস্কো যুদ্ধ ও ধ্বংসকেই বেছে নিয়েছে; কূটনীতিকে তারা গুরুত্ব দেয় না।” শীতের তীব্রতায় তাপমাত্রা যখন মাইনাস ২০ ডিগ্রির নিচে, তখন হামলা জোরদার করাকে তিনি মানুষকে আতঙ্কিত করার কৌশল হিসেবে আখ্যা দেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের একটি মার্কিন প্রস্তাবকে রাশিয়া কূটনীতির সহায়ক হিসেবে নয়, বরং ক্ষেপণাস্ত্র মজুত করে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ে আঘাত হানার সুযোগ হিসেবে ব্যবহার করেছে। তাঁর মতে, “রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ ছাড়া এই যুদ্ধের শেষ নেই।”

This post was viewed: 5

আরো পড়ুন