রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা মামলাসমূহ পর্যালোচনা করে সেগুলো প্রত্যাহারের কার্যক্রম গ্রহণের লক্ষ্যে ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি অভিযোগপ্রাপ্ত মামলাগুলো যাচাই-বাছাই করে সেগুলোর প্রকৃতি, উদ্দেশ্য ও আইনগত অবস্থান পর্যালোচনা করবে। পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।