রংপুর নগরীতে অবৈধ ও নকল শিশু খাদ্য মজুত ও বাজারজাতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল ও ক্ষতিকর খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর কুটিরপাড়া ও কামালকাছনা এলাকায় জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তমাল আজাদ ও নুসরাত আরা।
এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে কুটিরপাড়া এলাকায় মেসার্স দানিস ট্রেডার্স ও মেসার্স রুমন ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। এ সময় মোজো, সেভেন আপ, টেন আপ ও ফ্রুটোসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল ও শিশুদের জন্য ক্ষতিকর পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য তৈরি ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।