যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পাকিস্তানের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে বলে জানিয়েছে তারা। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের ভিত্তিতেই এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিটিকে ‘ইরানের বিজয়’ হিসেবে আখ্যায়িত করে কর্তৃপক্ষ জানায়, স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস নিয়েই ইরান আলোচনায় অংশ নিতে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। প্রাথমিকভাবে এই আলোচনার জন্য দুই সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে, যদিও পারস্পরিক সম্মতির ভিত্তিতে সময়সীমা বাড়ানো হতে পারে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল আরও জানায়, চলমান আলোচনা যুদ্ধক্ষেত্রের লড়াইয়েরই ধারাবাহিকতা। তাই সাধারণ জনগণ, রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের এ প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভেদ সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার মাধ্যমে যদি এই পরিস্থিতিকে চূড়ান্ত রাজনৈতিক সাফল্যে রূপ দেওয়া সম্ভব হয়, তবে তা হবে একটি ঐতিহাসিক অর্জন। অন্যথায়, ইরানের স্বার্থ রক্ষায় প্রয়োজনে সংগ্রাম অব্যাহত থাকবে বলেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।