দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোণিদেলা এক নতুন জীবনের সূচনা করেছেন। তাদের ঘরে এসেছে এক ছেলে ও এক মেয়ে, যাদের আগমনে পরিবারে এখন আনন্দের বন্যা।
রাম চরণের বাবা চিরঞ্জীবী সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে যমজ সন্তানের জন্ম হয়েছে। তিনি জানান, মা ও দুই নবজাতকই সুস্থ আছেন। যমজ সন্তানের আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে বলে উল্লেখ করে তিনি সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিরঞ্জীবীর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীরা নবজাতকদের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। রাম চরণ ও উপাসনা কোণিদেলার সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনায়- দীর্ঘ বন্ধুত্ব থেকে প্রেম, ২০১১ সালে বাগ্দান এবং ২০১২ সালে হায়দরাবাদে জাঁকজমকপূর্ণ বিবাহের মাধ্যমে তা পরিণতি পায়।
উপাসনা অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারপারসন ও অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি, আর রাম চরণ হলেন কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবীর ছেলে। ২০২৩ সালের জুনে এই দম্পতি তাদের প্রথম কন্যাসন্তান ক্লিন কারাকে স্বাগত জানান। পরে ২০২৫ সালের দীপাবলিতে উপাসনা তার সীমান্থম অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে ‘ডাবল সেলিব্রেশন’, ‘ডাবল লাভ’ ও ‘ডাবল ব্লেসিং’-এর মাধ্যমে যমজ সন্তানের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন।