ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের নাগরিকত্ব এবং জাইকা প্রতিনিধিদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তার মেয়াদে মেট্রোরেল প্রকল্পের চলমান কাজগুলো প্রায় থমকে গিয়েছিল।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা সোমবার (২ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
প্রকৌশলী ফারুক আহমেদ ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময় ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান। তার দায়িত্বকালেই মেট্রোরেলের বিভিন্ন প্রকল্পে কাজের গতি কমে যায় এবং কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।
ফারুক আহমেদ ৩৭ বছরের কর্মজীবনে অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া ও হংকংসহ একাধিক দেশে কাজ করেছেন। এর মধ্যে ২৫ বছর তিনি মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।