Ridge Bangla

মিস ইউনিভার্সে বিতর্ক: দুই বিচারকের পদত্যাগ

৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগেই প্রতিযোগিতা ঘিরে উঠেছে বড় ধরনের বিতর্ক। মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ ইনস্টাগ্রামে দাবি করেছেন, তার অনুমতি ছাড়া একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, অস্থায়ী জুরির মধ্যে এমন ব্যক্তিরা রয়েছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, যা স্বার্থের দ্বন্দ্বের আশঙ্কা তৈরি করতে পারে।

হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান। এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের কারণে প্রতিযোগিতা-পূর্ব অনুষ্ঠানে কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ থেকে সরে আসেন। দুই বিচারকের পদত্যাগের পর এবারের মিস ইউনিভার্স আয়োজনকে ঘিরে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্বের পাশাপাশি, জনপ্রিয়তার ভোটেও মিথিলা শীর্ষের দোরগোড়ায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পক্ষে প্রয়োজন মাত্র ১৪,০০০ ভোট। ইতিমধ্যেই মিথিলার জন্য প্রাপ্ত ভোট সংখ্যা প্রায় ১৫ লাখ ৫০ হাজার, যা দেশের জন্য নজিরবিহীন।

ভোট গ্রহণ শেষ হয়েছে, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ৫৯ মিনিটে। এর মধ্যে বাংলাদেশের ভক্তদের জন্য দেশের প্রতিনিধিকে শীর্ষে পৌঁছে দেওয়ার এক সোনালি সুযোগ রইল। এবারের প্রতিযোগিতা শুধু সৌন্দর্য নয়, ভক্তদের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

This post was viewed: 40

আরো পড়ুন