মালয়েশিয়ার ক্লাং এলাকায় পরিচালিত এক অভিযানে মানবপাচার চক্রের মূল হোতাসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (৩ মার্চ) ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের বয়স ৩৪ থেকে ৪০ বছরের মধ্যে।
তদন্তে জানা যায়, চক্রটি পূর্ব উপকূলীয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করাত। ৪০ বছর বয়সী মূল হোতা পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেন, আর অন্য তিনজন এজেন্ট, পরিবহনকারী ও আস্তানার রক্ষক হিসেবে কাজ করতেন। তারা বাংলাদেশি অভিবাসীদের প্রথমে একটি ওয়ার্কশপে ‘সেফহাউস’ হিসেবে লুকিয়ে রাখত, পরে তাদের বিভিন্ন শ্রমনির্ভর কাজে নিয়োজিত করে শোষণ করত।
অভিযানে ওই আস্তানা থেকে আরও তিনজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত সাতজনকে ইমিগ্রেশন সদর দপ্তরে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ‘মানব পাচার বিরোধী আইন ২০০৭’ ও ‘ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩’ অনুযায়ী কঠোর তদন্ত চলছে।