যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের প্রেক্ষাপটে ভেনেজুয়েলা থেকে কিউবার নিরাপত্তা উপদেষ্টা ও চিকিৎসকেরা ধীরে ধীরে সরে যাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ওই সূত্রগুলোর বরাত দিয়ে জানায়, ওয়াশিংটনের লক্ষ্য দীর্ঘদিনের মিত্র কারাকাস ও হাভানার সম্পর্কের ভিত দুর্বল করা।
সূত্রের তথ্যমতে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এখন নিজের নিরাপত্তার জন্য দেশীয় দেহরক্ষীদের ওপর নির্ভর করছেন। অথচ এর আগে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ নিজেদের নিরাপত্তায় কিউবার বিশেষ বাহিনীর ওপর আস্থা রাখতেন। তবে সম্প্রতি বেআইনিভাবে ভেনেজুয়েলার অভ্যন্তরে প্রবেশ করে দেশটির প্রেসিডেন্টকে অপহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনা বিশ্বব্যাপী আমেরিকার পররাষ্ট্রনীতিকে সমালোচনার কেন্দ্রে নিয়ে আসে।
বিশ্লেষকদের মতে, কিউবার নিরাপত্তা উপদেষ্টা ও চিকিৎসকদের উপস্থিতি ভেনেজুয়েলার রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, কিউবার প্রভাব মাদুরো সরকারের ক্ষমতা ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখছে। ওয়াশিংটনের কৌশলগত চাপের ফলে যদি কিউবার উপস্থিতি কমে যায়, তবে তা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।