Ridge Bangla

মব ভায়োলেন্সের অস্তিত্ব নেই, নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে ‘মব ভায়োলেন্স’ নামে কোনো ঘটনা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, পুলিশের মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না এবং নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। ফলে নির্বাচন ঘিরে সহিংসতার কোনো শঙ্কাও নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতার আশঙ্কা নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে চার দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর দুই দিন- মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে। এ সময় সেনাবাহিনীসহ সব বাহিনী সক্রিয় থাকবে বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ব্যবস্থার ফলে নির্বাচনের পরও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ থাকবে না।

সন্দেহভাজন বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসকদের প্রয়োজন অনুযায়ী ডিটেনশন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনকে ঘিরে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনপ্রতিনিধিদের আচরণ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি কোনো জনপ্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন, তাহলে সেটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা উচিত। এতে সংশ্লিষ্টরা সোজা হয়ে যাবে। প্রয়োজনে আইন লঙ্ঘনকারীদের জেলখানার কথা স্মরণ করিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর দাবি, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ ও উৎসবমুখর। সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

This post was viewed: 4

আরো পড়ুন