জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং ব্যবস্থায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় সম্ভাব্য জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপশাখা এবং অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করতে হবে। অফিসে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দিনের প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনে লাইট ও এসি বন্ধ রাখতে বলা হয়েছে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।