বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর পরিচিত মুখ ও ব্রিটিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক আর নেই। বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’-এর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা গেছেন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হসপিসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী নাওমি শিহান।
২০২৩ সালে মাইকেলের শরীরে এই মরণব্যাধি ধরা পড়ে। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যমতে, এটি এমন এক জটিল রোগ, যার কোনো স্থায়ী চিকিৎসা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এটি ধীরে ধীরে মানুষের পেশি ও শ্বাসযন্ত্রকে অকেজো করে দেয়।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শেক্সপিয়রের নাটকের মাধ্যমে অভিনয়যাত্রা শুরু করেছিলেন মাইকেল। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘গেম অব থ্রোনস’, যেখানে তিনি ষষ্ঠ সিজনে ‘ওয়াইল্ডলিং রায়টার’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। অস্কারজয়ী সিনেমা ‘বেলফাস্ট’-এ তার উপস্থিতি ছিল প্রশংসনীয়। ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এর মতো জনপ্রিয় সিরিজেও কাজ করেছেন তিনি।