Ridge Bangla

বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাতের সময়সূচি প্রকাশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প হিসেবে থাকবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে থাকবেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন।

চতুর্থ জামাতে দায়িত্ব পালন করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

মুসল্লিদের সুবিধার্থে পর্যায়ক্রমে এসব জামাত আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

This post was viewed: 3

আরো পড়ুন