Ridge Bangla

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছর বয়সী এক শিশু কন্যা। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আহত শিশুটির উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশুটির বাবা-মাসহ একই পরিবারের চারজন রয়েছেন। বর্তমানে গুরুতর আহত শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও তিনি গ্রহণ করেছেন।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। গাড়িটিতে ১২ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির বাবা-মা ও আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

This post was viewed: 3

আরো পড়ুন